এবার পদত্যাগ করলেন সহকারী প্রক্টর 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক অসদাচরণ এবং শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) মাহমুদুল হাসান ও রেজিস্ট্রার দপ্তর স্বাক্ষরিত এক পদত্যাগপত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়। 

পদত্যাগপত্রে তিনি বলেন,  সহকারী প্রক্টরের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রক্টরকে সহায়তা করা। কিন্তু যেখানে স্বয়ং প্রক্টরই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও শৃঙ্খলার ব্যাহত করছেন, সেখানে সহকারী প্রক্টর পদে বহাল থাকা শিক্ষক হিসেবে আমার যে নৈতিকতা ও আদর্শ রয়েছে তার পরিপন্থী। এ কারণে আমি এই সহকারী প্রক্টর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিচ্ছি। সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী এই বিষয়ে বলেন, পদত্যাগপত্র আমরা পেয়েছি। 

এর আগে  একই কারণ দেখিয়ে গত  ৬ ও ৭ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার ও গণমাধ্যম উপদেষ্টা ও মাহবুবুল হক ভূঁইয়া।