টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার বাঁশতৈল তেলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক নাজমুল (৩৫), তেলিপাড়া গ্রামের তারা মিযার স্ত্রী রহিমা বেগম (৪৫), গায়রাবেতিল গ্রামের ইউসুফের ছেলে লুৎফর রহমান (৪০), উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের বিদ্যুতের ছেলে আব্বাছ মিয়া (৩০)।
পুলিশ জানায়, সখীপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশা গোড়াই-সখীপুর সড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়। ঘটনাস্থলে নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক নাজমুলকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।