প্রধান বিচারপতির বাসভবনে হামলা

জামিন পেলেন মির্জা আব্বাস 

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানার মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে  জামিনের এ আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। 

তিনি দেশ রূপান্তরকে বলেন, ২৮ অক্টোবর সৃষ্ট সহিংসতার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মোট ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানায় ৬টি, রমনা থানায় চারটি এবং ঢাকা রেলওয়ে থানায় ১টি মামলার সবকটিতে দলটির শীর্ষ নেতা মির্জা আব্বাসকে আসামি করা হয়। 

আইনজীবী বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলাসহ এখন পর্যন্ত ১০টি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। ওই দিনের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় করা একটি মামলায় জামিন পেলে কারামুক্ত হবেন বিএনপির এই নেতা। সহিংসতার পর ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১ নভেম্বর তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে পাঠায় আদালত। সেই থেকে তিনি কারাগারে আছেন।