জীবন্ত প্রাণীর ছবি তোলায় নিষেধাজ্ঞা দিল আফগানিস্তান

ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিধিনিষেধ দিয়ে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে জীবন্ত প্রাণীর ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে তালেবানের স্থানীয় প্রশাসন।

গতকাল রোববার অভ্যন্তরীণ প্রাদেশিক বিভাগের পক্ষ থেকে স্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রাদেশিক বিভাগের চিঠিতে বলা হয় যে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক জমায়েতে ‘জীবন্ত প্রাণীর’ ছবি তোলা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেয়া হল। কারণ এতে উপকারের চেয়ে নেতিবাচক প্রভাব বেশি। তবে কর্মকর্তাদের কার্যকলাপের লিখিত বা অডিও কন্টেন্টের অনুমোদন রয়েছে।

কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র চিঠির সত্যতা নিশ্চিত করলেও এই আদেশ কতটা কঠোরভাবে বলবৎ করা হবে এবং কতটা কার্যকর করা হবে তা স্পষ্ট করে বলতে পারেননি।

তবে এই নির্দেশ কেবল প্রাদেশিক কর্মকর্তাদের জন্য, সাধারণ মানুষের জন্য নয় বলেও জানান তিনি।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের শাসনামলে ‘জীবন্ত প্রাণীর’ ছবি তোলা নিষিদ্ধ ছিল। পরবর্তীতে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে বেশ কয়েকটি গণমাধ্যম মানুষ এবং পশুর ছবি ব্যবহার করা থেকে বিরত রয়েছে।

তবে বর্তমান তালেবান শাসনে পরিচালিত কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো নিয়মিতই সভা, সমাবেশ ও আন্তর্জাতিক বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের ছবি প্রকাশ করছে।