২৪ ঘণ্টা বন্ধ ছিল সামাজিক মাধ্যম এক্স

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম

পাকিস্তানে নির্বাচন নিয়ে জালিয়াতি প্রতিবেদন ছড়িয়ে পড়ায় গতকাল রোববার দেশজুড়ে বিঘ্নিত হয়েছিল ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) ব্যবহার।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকসের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জালিয়াতির অভিযোগে ক্রমবর্ধমান অস্থিরতা এবং প্রতিবাদের মধ্যেই ঊর্ধ্বতন নির্বাচন কমিশনারের ভোট কারচুপির স্বীকারোক্তির পরে রোববার দেশব্যাপী সামাজিক মাধ্যম এক্সের ব্যবহার বিঘ্নিত হওয়ার কথা জানায় নেটব্লকস।

প্রতিষ্ঠানটি বলছে, পাকিস্তানজুড়ে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের সর্বশেষ ও সবচেয়ে দীর্ঘমেয়াদি নজির এটি। মূলত নির্বাচন নিয়ে জালিয়াতির প্রতিবেদন ছড়িয়ে পড়ায় এ উদ্যোগ নেওয়া হতে পারে।

ডিজিটাল অধিকার নিয়ে কর্মরত পরামর্শক প্রতিষ্ঠান বোলো ভি-এর পরিচালক উসামা খিলজি সোমবার সকালে বলেন, ‘শুধু ভিপিএনের মাধ্যমে ব্যবহারকারীরা এক্স অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছেন।’

তিনি আরও বলেন, অনেক জায়গায় ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া ও ভিপিএন ব্যবহার ব্লক করা হয়েছে বলেও অভিযোগ এসেছে। যদিও এ বিষয়ে টেলিকম কর্তৃপক্ষ কিংবা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কিছুই জানায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত