মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট—বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাত ফেরী এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে বলা হয়েছে দলের পক্ষ থেকে।
ওই দিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনাসভার আয়োজন করবে বলে জানিয়েছেন রিজভী।