বাঁধ নির্মাণকাজের ১০ প্রকল্পের সভাপতিকে তলব

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেছে জেলা মনিটরিং কমিটি। উপজেলার ১০৮টি প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজে ধীরগতির কারণ খুঁজতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের নেতৃত্বে সাত সদস্যের মনিটরিং কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী অভিযুক্ত প্রকল্পগুলো পরিদর্শন করা হয়। এর মধ্যে প্রভাবশালী নেতাকর্মী, উপজেলা কাবিটা কমিটির সদস্য ও জনপ্রতিনিধির স্বামীসহ ১০ জনের কাজের ধীরগতি থাকায় তাদের তলব করা হয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়ার কক্ষে জেলা প্রশাসক তাদের জবাবদিহিতার আওতায় আনেন। এ সময় ১০ জনের মধ্যে ৩-৪ জন উপস্থিত হলেও অন্যরা লাপাত্তা।

জেলা প্রশাসক পিআইসির উদ্দেশে বলেন, আন্তরিক হয়ে আগামী পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করেন। কারণ আগাম বন্যা হলে কেউ কেউ একেবারে নিঃস্ব হয়ে পড়বে। কাজের গাফিলতির কারণে কোনো সমস্যা হলে অবশ্যই নীতিমালা অনুযায়ী যে ধরনের ব্যবস্থা রয়েছে তাই নেওয়া হবে।