ইমরানুর রহমানের হতাশার রাতে পদকের আনন্দে মেতেছেন বাংলাদেশের হাইজাম্পার মাহফুজুর রহমান শুভ। সোমবার ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২.১৫ মিটার উতরে গিয়ে ব্রোঞ্জপদক নিজের করে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জাম্পার।
সমান উচ্চতা লাফিয়ে ছিলেন চীনের প্রতিযোগী মা জিয়াও। অনানুষ্ঠানিক তালিকায় মাহফুজের সঙ্গে মা জিয়াকেও তৃতীয় দেখানো হয়েছে। পরে অবশ্য তেহরান থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জানান, মাহফুজকেই এককভাবে ব্রোঞ্জপদক দেওয়া হয়েছে।
২.১৬ মিটার লাফিয়ে ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে রৌপ্যপদক জিতেছিলেন মাহফুজ। সেটাই ছিল তার ক্যারিয়ারসেরা। বাংলাদেশ জাতীয় রেকর্ডও সেটা। নিজের সেরাটা ছুঁতে না পারলেও অনুশীলনের সেরাটা ছুঁয়ে পদকের স্বাদ পেয়েছেন তিনি। এর আগে রবিবার বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিয়েছিলেন জহির রায়হান। ৪০০ মিটারে রুপা জিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পদকের দেখা পান জহির।
মাহফুজ সেই তালিকায় তৃতীয় ব্যক্তি। গত বছর কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাসে নাম লিখিয়েছিলেন ইমরানুর। এবার তিনি হয়েছেন চতুর্থ। ছেলেদের হাইজাম্পে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছেন দুই জাপানি রিওইচি আকামাতসু ও ইউতো সেকো।