ক্রিকইনফোর চোখে মারুফাই সেরা

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর নজরে ২০২৩ সালে নারী ওয়ানডের সেরা বোলিং নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। ওই বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক প্রথম ওয়ানডে জয় নিশ্চিত করেন মারুফা। ম্যাচে ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ওই স্পেলের জন্যই বর্ষসেরার খেতাব পেয়েছেন মারুফা।

গত বছর মারুফা ওয়ানডে খেলেছেন ৯টি। উইকেট নিয়েছেন ১০টি। মারুফার ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক ২০২২ সালের ডিসেম্বরে। ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচই খেলেছেন ২০২৩ সালে। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারেও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা।

ক্রিকইনফোর সেরা টেস্ট ব্যাটিং নির্বাচিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের খেলা ১৬৩ রানের ইনিংস। সেরা বোলিং স্পেল ভারতের বিপক্ষে ইন্দোরে নাথান লায়নের ৬৪ রানে ৮ উইকেট।

পুরুষদের সেরা ওয়ানডে ব্যাটিং বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসটি। বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে মোহাম্মদ শামির ৫৭ রানে নেওয়া ৭ উইকেট সেরা ওয়ানডে বোলিং নৈপুণ্য হিসেবে স্বীকৃত হয়েছে।

সেরা টি-টোয়েন্টি ব্যাটিং নৈপুণ্য রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে সূর্যকুমার যাদবের খেলা ১১২ রানের ইনিংস। সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স নির্বাচিত হয়েছে জোহানেসবার্গে আলজারি জোসেফের ৪০ রানে নেওয়া ৫ উইকেট।

বছরের সেরা অভিষিক্ত ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে। আর বছরের সেরা অধিনায়ক কোনো সন্দেহ ছাড়াই প্যাট কামিন্স।