জ্যোতিদের জন্য ওষুধ খুঁজছে বিসিবি

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

একটির পর একটি টুর্নামেন্ট আর সিরিজ যাচ্ছে, কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে না বাংলাদেশ নারী ক্রিকেটে। ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। কখনো গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট, কখনো সামর্থ্য প্রমাণে ব্যর্থ, কখনো ধারাবাহিকতার অভাব। এর সঙ্গে ফিটনেসের ঘাটতি। নিগার সুলতানা জ্যোতিদের এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলেই অসন্তোষ বাড়ছে। ব্যর্থতার কারণে সম্প্রতি চাকরি হারান প্রধান কোচ সারওয়ার ইমরান। তার পরিবর্তে আসা ডেভিড হেম্পও সফলতা খুঁজে পাচ্ছেন না।

মাঠের পারফরম্যান্সে যে অসুখ বাসা বেঁধেছে, তার ওষুধ খুঁজতেই এখন ব্যস্ত নারী বিভাগ। এজন্য ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে তারা। নারী খেলোয়াড়দের ফিটনেস নিয়েও কঠোর অবস্থানে যাচ্ছে বোর্ড।

নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ‘আমি নিজেও বুঝতে পারছি না যে, কেন এমন ফল করছে দল। আমি সবার সঙ্গে বসব। ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট-সবার কাছে জানতে চাইব, কী হচ্ছে।’

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান একেবারেই স্বস্তির নয়। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ম্যাচের ১২টিতেই হার। বিপরীতে জয় মাত্র দুটি। টি-টোয়েন্টি সংস্করণে সর্বশেষ ১৫ ম্যাচে হার ৯টিতে, জয় ৫টিতে। এসব জয়ের বেশির ভাগই আবার এসেছে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। গত সেপ্টেম্বরে নারী এশিয়া কাপে ৪ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ছিল ২টি, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার পরিকল্পনা থাকলেও শ্রীলঙ্কার কাছে হেরে সেই লক্ষ্য পূরণ হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। এতে শেষ চারে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হয় জ্যোতিদের। সেখানে ৪০ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

এশিয়া কাপের হতাশা কাটিয়ে ওঠার সুযোগ ছিল এশিয়ান গেমসে। কিন্তু সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর ব্রোঞ্জ পদকের ম্যাচেও পাকিস্তানের মেয়েদের কাছে ৩১ রানে পরাজিত হন তারা। ফলে ২০১০ সালের পর প্রথমবারের মতো এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হয় নারী ক্রিকেট দলকে।

এরপর অক্টোবরে অস্ট্রেলিয়া সফরেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় জ্যোতির দল। একের পর এক ব্যর্থতার পরও উন্নতির ধারাবাহিক কোনো ছাপ না থাকায় প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান ক্রমেই বড় হয়েছে।

থাইল্যান্ডের বিপক্ষে জিতলেও সুপার সিক্সে উঠতে না পারায় হতাশ দলের বাকি সদস্যরাও, ছবি: সংগৃহীত

তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চলমান আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফিতে। শিরোপা জয়ের আশায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে সুপার সিক্সেই জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ দল। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন রফিকুল, ‘আমি চরমভাবে হতাশ। ইমার্জিং নেশনস কাপ ১০ দলের টুর্নামেন্ট হলেও বাংলাদেশ আর শ্রীলঙ্কাই তো শিরোপার দাবিদার। পাকিস্তানকেও আমরা নিয়মিত হারাই। সেখানে আমরা সুপার সিক্স রাউন্ডে যেতে পারলাম না। মাত্র ৪টি দল বাদ পড়েছে, এর মধ্যে আমরা একটা। কিন্তু আমরা তো আমাদের সেরা দলটাই পাঠিয়েছি। তবু এমন পারফরম্যান্স। এটা মেনে নেওয়া যায় না, আমি খুবই হতাশ।’

নতুন কোচ হেম্প মাত্র দেড় মাস হলো এই দায়িত্ব নিয়েছেন। এত অল্প সময়ে শারমিন আক্তার, সোবহানা মোস্তারিদের কাঠগড়ায় তুলতে চান না তিনি। তবে ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন হেম্প, ‘স্বাভাবিকভাবেই, দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায় নেওয়ায় আমরা সবাই হতাশ। তবে দক্ষতা কিংবা টেকনিক্যাল সক্ষমতার দিক থেকে মেয়েরা পিছিয়ে নেই। আমি মনে করি, আত্মবিশ্বাসের ঘাটতির বড় প্রভাব রয়েছে। খেলোয়াড়দের যথেষ্ট সামর্থ্য আছে। তবে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে ধারাবাহিক পারফরম্যান্স করতে হলে সেই সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা শিখতে হবে।’ পাশাপাশি ফিটনেস উন্নয়নেও গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘ফিটনেস নিয়ে আমাদের কাজ চলছে। এই লেভেলের ক্রিকেটে পারফরম্যান্স ঠিক রাখতে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করছি।’

নাহিদা আক্তার, রিতু মনিদের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন বোর্ডও। নতুন বছরের শুরু থেকে জাতীয় দলে সুযোগ পেতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা শোনান রফিকুল, ‘অবশ্যই ফিটনেসের সমস্যা আছে। আমরা সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২টি ম্যাচ হেরেছি শুধুমাত্র ফিটনেসের কারণে। তখনই আমরা উপলব্ধি করেছি। আমি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বসে আলোচনা করেছি। এখন থেকে মেয়েদেরও ফিটনেস পরীক্ষায় পাস করে জাতীয় দলে আসতে হবে। সামনে নিউজিল্যান্ড সিরিজ। সেখান থেকে মেয়েরা ফিরে এলে আমরা টেস্ট নেব। এখন থেকে নিয়মিত হবে এটা। তাদের তো এখন অনেক সুযোগ-সুবিধা বেড়েছে। এখন পারফর্ম দেখাতে হবে আমাদের।’

সর্বশেষ সর্বাধিক পঠিত