দিনাজপুরে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। এ সময় দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহসান উল ইসলাম, ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এবিএম জাহিদুল করিমসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশকে মাদক মুক্ত ও চোরাচালান রোধে কাজ করে। একদল অসাধু ব্যক্তি অর্থের লোভে মাদক চোরাচালান করছে। বিজিবি সবসময় তাদের চোরাচালান বন্ধে কাজ করে যাচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবি ও ২০২২ সালের ১১ মে থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দিনাজপুর ৪২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৭ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৪৪৬ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল, এমকেডিল, বিদেশী ও দেশী মদ, হেরোইন, গাজা, নেশা জাতীয় ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাজসহ মাদক তৈরির বিভিন্ন উপকরণ রয়েছে।