আনোয়ারায় মোটরসাইকেলে মিলল ২০ হাজার ইয়াবা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছেন এক মাদক কারবারি। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে থেকে আনুমানিক ২০ হাজার ইয়াবা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি-৭ ও আনোয়ারা থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের একটি হোটেলের সামনে থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী পুলিশ ফোর্স নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করেন।

পুলিশ ও এসআরবি-৭ জানায়, গোপন খবর পেয়ে ওই দিন দুপুর ১২টা থেকে ওই এলাকায় অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একপর্যায়ে অভিযানের সময় ধাওয়া খেয়ে এক মাদক কারবারি তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা একের পর এক ইয়াবার প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে আনুমানিক ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এসআরবি-৭, সিপিসি-৩ (চান্দগাঁও ক্যাম্প) এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত