ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষায় বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তথ্য গোপন ও দায়িত্বে অবহেলার দায়ে হল সুপারসহ দুজনকে বহিষ্কার করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক গোলাম মাওলাকে তথ্য গোপন ও হল সুপার হোসাইন আহম্মদ আলমগীরকে দায়িত্বে অবহেলার কারণে অব্যহতি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আলমগীর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল আলম বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান কেন্দ্রে প্রবেশ করলে একজন শিক্ষককে তার পরিচয় জানতে চাইলে শিক্ষক জানান তার নাম গোলাম মাওলা।
তিনি স্থানীয় কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক বলে পরিচয় দেন। শিক্ষকের কথা অসংলগ্ন মনে হওয়ায় ইউএনও কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিনকে ফোন করে তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ নামে কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক নেই। তখন ইউএনও গোলাম মাওলাকে সঠিক তথ্য দেওয়ার জন্য বললে জানান, তিনি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। মাধ্যমিক শিক্ষা নিয়ম অনুযায়ী যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের শিক্ষক কেন্দ্রে ডিউটি করতে পারেন না।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, পরিচয় গোপন করে কেন্দ্রে দায়িত্ব পালন ও ইংরেজি বিষয়ের শিক্ষক হয়েও ইংরেজি পরীক্ষায় দায়িত্ব পালন করার অপরাধে শিক্ষক গোলাম মাওলাকে ও দায়িত্বে অবহেলার দায়ে হল সুপারকে বহিষ্কার করা হয়েছে।