মোরসালিনকে নিয়ে দুশ্চিন্তায় কাবরেরা

পায়ের পাতায় পাওয়া চোটে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। আছেন ক্লাবের ফিজিওর অধীনে পুনর্বাসনে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের খেলা যতই এগিয়ে আসছে তাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার।

মার্চের শুরুতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। মূলত ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েত সিটি ও ঢাকায় ম্যাচ দুটির প্রস্তুতি সারতে যাবে দল। সেই ক্যাম্পে কারা সুযোগ পাবেন সেটা এখনো চূড়ান্ত করতে পারেননি কাবরেরা। এখন তিনি ব্যস্ত ঘুরে ঘুরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখায়। দল গঠনে পারফরমারদের সুযোগ দেওয়াই তার পরিকল্পনা। যদিও এর মধ্যে তাকে আলাদা করে ভাবতে হচ্ছে মোরসালিনকে নিয়ে। শেষ পর্যন্ত এই তরুণ ফিট হতে না পারলে তার বিকল্প কে হবেন, সেটাও ভেবে রাখতে হচ্ছে তাকে।

মঙ্গলবার বাফুফে ভবনে এসে স্কোয়াড সম্পর্কে কিছু ধারণা দিয়েছেন কোচ। তার কথায় বোঝা যাচ্ছে নতুন কিছু মুখ এবার সুযোগ পাবেন দলে। চলতি লিগে বেশ ক’জন তরুণের পারফরম্যান্স মনে ধরেছে কোচের, ‘অনূর্ধ্ব-২০, ২৩ বছর বয়সী বেশ কয়েকজন খেলোয়াড়ের উন্নতি দেখে আমরা খুবই সন্তুষ্ট। তাদের কেউ কেউ অবশ্যই তালিকায় থাকবে, কাউকে কাউকে হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। তবে তাদের উন্নতির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। প্রাথমিকভাবে তালিকাটা সম্ভবত ৩৫ জনের হবে। সৌদিতে যাব ২৬ বা ২৮ জন নিয়ে।’

২১ নভেম্বর বাছাইয়ের সর্বশেষ ম্যাচে লেবাননের বিপক্ষে সমতাসূচক গোলটি করেছিলেন মোরসালিন। এর আগে সাফে করেন দুই গোল। তবে গত ডিসেম্বরে ফেডারেশন কাপে ফর্টিজ এফসির বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতায় চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তাকে নিয়ে তাই স্বভাবতই ভাবনায় কাবরেরা। তবে একটা বিকল্পও ভেবে রেখেছেন তিনি, ‘মোরসালিন হয়তো এই উইন্ডো মিস করতে পারে, তবে এটা অন্যদের জন্য একটা সুযোগ। আমাদের দলে বিশেষ কোনো খেলোয়াড় নেই, সংঘবদ্ধ একটা দল। আমি নিশ্চিত নতুন কেউ আসবে এবং নিজেকে প্রমাণ করবে। মোরসালিন সৌদি যাবে কি না, সেটা এখনো নিশ্চিত নই। তবে আমার মনে হয়, তার যাওয়াটা কঠিন।’