ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকসহ জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুই জনকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ । 
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকা থেকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন— নীলফামারী জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ রাজন (২৬) ও তার সহযোগী জুয়েল। রাজন জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
 
নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বলেন, এ ঘটনায় জড়িত থাকলে তার দায় ছাত্রলীগ নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুইজনকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।