চট্টগ্রাম

সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি, মারধর ও বিকাশের মাধ্যমে সাংবাদিকের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সৈকত (২৪) এ মামলার পাঁচ নম্বর এজাহারভুক্ত আসামি।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে হালিশহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকায় দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার আবুল হোসাইনকে মিথ্যা অভিযোগ তুলে মারধর করেন মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

টাকা দিতে অস্বীকৃতি জানালে হোসাইনের মোবাইল ফোন কেড়ে নিয়ে তার বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। নগদ টাকা ও বিকাশ মিলিয়ে মোট ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

একপর্যায়ে সামাজিকভাবে হেয় করা ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোরপূর্বক তাঁর মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করা হয়।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুল, বাইট্টা বাবুল, মিজান, অনিক, মহিত ও রবিন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত