রাশিয়াতে দেশদ্রোহের অভিযোগে মার্কিন ও রুশ দ্বৈত নাগরিকত্বধারী এক নারীকে গ্রেপ্তার করেছে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহ করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই নারীর বয়স ৩৩ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। তাকে রাশিয়ার শহর ইয়েকাটেরিনবার্গ থেকে আটক করে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।
মঙ্গলবার এক বিবৃতিতে এফএসবি জানিয়েছে যে, রুশ নিরাপত্তার বিরুদ্ধে কার্যকলাপে জড়িত ইউক্রনের একটি সংস্থায় আর্থিক সহায়তা দেওয়ায় তাকে আটক করা হয়েছিল।
বিবৃতিতে এফএসবি আরও জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেনীয় সংস্থাগুলোর হয়ে তহবিল সংগ্রহ করেছেন। পরবর্তীতে ওই তহবিল ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জন্য ওষুধ, অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য ব্যবহৃত হয়েছিল’।
এদিকে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম কেসেনিয়া কারেলিনা। মঙ্গলবার রাশিয়ান আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে কেসেনিয়ার বিরুদ্ধে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "একজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে, আমরা বিষয়টি দেখছি’।
রাশিয়া সাধারণত দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না এবং দেশটি দ্বৈত নাগরিকদেরও রাশিয়ান নাগরিক হিসাবেই বিবেচনা করে এবং এ সব ক্ষেত্রে অন্যান্য দেশের কনস্যুলার সহায়তা পেতে কঠিন হয়।