নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটকের ঘটনায় তদন্ত কমিটি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। তিন সদস্যের কমিটিতে মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক রিয়াদ চৌধুরীকে আহ্বাবায়ক করা হয়েছে।
কমিটির দুই সদস্য হলেন—উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুস সালাম ও উপমাদ্রাসা পরিদর্শক মো. আকরাম হোসেন।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর ছবির মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।
ভুয়া প্রমাণিত হওয়ায় কক্ষ পরিদর্শকরা ৫৯ জনকে বহিষ্কার করেন। নতুন করে তাদের দণ্ড দেওয়ার সুযোগ না থাকায় প্রত্যেককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।