এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফলাফল আগামী ১০ সেপ্টেম্বর,  প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই ওইদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে

আশানরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন পুনর্নিরীক্ষণের আবেদন করছেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণ চেয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (২০ আগস্ট)  গণমাধ্যমকে বলেন, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশে সম্ভাব্য তারিখ নির্ধারণ করে একাদশে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সেই হিসাবে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।

গত ১০ অগাস্ট চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এবারের পরীক্ষায় মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ফল প্রকাশের পরদিন থেকে ১৭ অগাস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্পের আওতায় নির্মিত https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছে। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণে ১৫০ টাকা হারে ফি দিতে হয়েছে আবেদনকারীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত