পাকিস্তানে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া পরিষেবা বন্ধ রাখায় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন সিন্ধু হাইকোর্টের (এসএইচসি) প্রধান বিচারপতি আকিল আহমেদ আব্বাসি। বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
সম্প্রতি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাডভোকেট জিবরান নাসিরের দায়ের করা একটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) আইনজীবীকে জিজ্ঞাসা করেন, ‘ইন্টারনেট কখন চলবে?’
তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন নাগরিকরা কয়েক সপ্তাহ ধরে যথাযথ ইন্টারনেট পরিষেবা পাচ্ছে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের ভোটের দিনও দেশটিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়নি। এমনকি সিন্ধু হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও।
যদিও ফেডারেল সরকার জানিয়েছে, নিরাপত্তা হুমকির কারণে প্রাদেশিক সরকারের অনুরোধে সাড়া দিয়ে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি আব্বাসি প্রশ্ন তোলেন, ‘সিন্ধু সরকার কি আপনাকে ইন্টারনেট পরিষেবা স্থগিত করতে বলেছিল?’ উত্তরে সিন্ধু সরকারের আইনজীবী এ জাতীয় অনুরোধ করার বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জমা দিতে আদালতের কাছে আরও সময় চান আইনজীবী।
এ সময় প্রধান বিচারপতি আকিল আহমেদ আব্বাসি বলেন, কেন বৈশ্বিক পর্যায়ে নিজেকে নিয়ে উপহাস করছেন? মনে হচ্ছে বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে মূল্যহীন করে ফেলা হয়েছে। আদালত ফেডারেল ও সরকারকে তার প্রতিক্রিয়া জমা দিতে ৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছে।