ঋতু পরিবর্তনের সঙ্গে নিজের যত্নেরও পরিবর্তন

ঋতু পরিবর্তনের এই সময়টাতে অনেকেরই নানা ধরনের চর্মরোগ দেখা দেয়। ঠান্ডাজনিত সমস্যাগুলো বেড়ে যায়। এ সময় বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়।

বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় মুখের ত্বকের পাশাপাশি চুল, ঠোঁট, হাত-পা শুষ্ক হয়ে পড়ে আবার অনেক সময় যত্নের অভাবে ফেটে যায়। তাই ঋতু পরিবর্তনের সময়টাতে শীতের প্রসাধনের পরিবর্তন আনতে হবে। এই সময়টাতে বাজারে নানা ধরনের রঙিন শাক সবজি থাকে। এসব সবজি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। এগুলোতে আছে  বায়োটিন, কোলাজেনসহ চমৎকার সব উপাদান। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এসব সবজি রাখতে হবে। হালকা কুসুম গরম পানিতে হাত-মুখ ধোয়া ও গোসল করা উচিত। এমনকি ঠান্ডা খাবার ও পানীয় না খাওয়াই ভালো। গরম ঠান্ডা দুই ধরনের আবহাওয়াজনিত কারণে পানির পিপাসা কম থাকে। তাই অনেকেরই ডিহাইড্রেশন হয়। এই ডিহাইড্রেশন থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে চুল পড়া, পরিপাকতন্ত্রের সমস্যা, চর্মরোগসহ বিভিন্ন সমস্যা সমাধানে স্বাভাবিক ভাবে পানি পান করুন। প্রয়োজনে কুসুম গরম পানি মিশিয়ে পান করুন। সঙ্গে শীতকালীন ফল, সবজি খাদ্য তালিকায় রাখুন। এই সময়টাতে গরম ঠান্ডা আবহাওয়ার কারণে অতিরিক্ত শীতের পোশাক পরানো হয় শিশুদের। এর ফলে অনেক শিশুর ঘেমে ঠান্ডা লেগে যায়। তাই আবহাওয়া অনুযায়ী শিশুকে পোশাক পরাতে হবে।

ত্বক শুষ্ক হয়ে যায়, তাই লোশন, তেল ও গ্লিসারিন ব্যবহার করতে হবে। শীত ও ধুলাবালির কথা ভেবে সবসময় ঘরের দরজা-জানালা বন্ধ না রেখে মাঝেমধ্যে খুলে দিয়ে আলো-বাতাস প্রবেশের সুযোগ করে দিতে হবে। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে ৩-৪ দিন অন্তত ১০-১৫ মিনিট শীতের মিষ্টি রোদ উপভোগ করুন যা আপনাকে ভিটামিন ডি-এর নিশ্চয়তা দেবে। ঘর থেকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। যাদের শুষ্ক ত্বক তারা সপ্তাহে একদিন মধু কয়েক সেকেন্ড মাসাজ করে ১৫-২০ মিনিট রেখে হালকা কুসুম পানিতে মুখ ধুয়ে নিন। আমরা অনেকেই ভাবি নারকেল তেল শুধুমাত্র চুলে ব্যবহারের জন্য কিন্তু নারকেল তেল ত্বকে ব্যবহারে চমৎকার কাজ করে। দামি ময়েশ্চারাইজার নাগালের বাইরে থাকলে এর পরিবর্তে নারকেল তেল রাতে ঘুমানোর আগে ব্যবহারে পাবেন সুন্দর সতেজ ত্বক। চাইলে ভেজলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন তবে এটি ব্যবহারের আগে অলিভ ওয়েল বা আলমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। দিনে দুইবার সকালে ও রাতে যেকোনো ময়েশ্চারাইজার ক্রিম লাগানোর আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের সিরাম ব্যবহার করুন।