দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড বাবর আজমের

কিছুদিন আগেই বিপিএল-এ দারুণ সময় কাটিয়ে গেছেন বাবর আজম। পিএসএলেও ধারাবাহিক পেশোয়ার অধিনায়ক। যার সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর।

৯৯৯৪ রান নিয়ে কাল লাহোরে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার শুরুতেই বিশ্বের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছান তিনি। ২৭১ ইনিংসেই এই কীর্তি গড়লেন বাবর। এর আগে দ্রুততম ১০ হাজারি ব্যাটার ছিলেন ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল।

ক্যারিবীয় কিংবদন্তি ওই মাইলফলক ছুঁতে ২৮৫টি টি-টোয়েন্টি ইনিংস খেলেন। বিরাট কোহলি ২৯৯ ইনিংসে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেন।

ফরম্যাটটিতে ১৪,৫৬২ রান নিয়ে সবার ওপরে গেইল। তারপরই শোয়েব মালিক। এরপর কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম।