রাজবাড়ীর কালুখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইসগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত শরীফ খান (৪০) রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়িয়া গ্রামের হাকিম খানের ছেলে। তিনি আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ ও ফ্লেক্সিলোড এর ব্যবসা করতেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রূপসা স্লুইসগেট বাজার গায়েবী মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শরীফের বাড়ি। রাতে তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।