দেখে মনে হচ্ছে মেসি নিজেই অনুপ্রাণিত: মার্তিনো

জয় দিয়ে ইন্টার মায়ামির মৌসুম শুরু হয়েছে। রিয়াল সল্ট লেকের জালে দুই গোল দিয়েছে হেরনসরা। গোলদাতা টেইলর ও গোমেজ। গোল দুটো বানিয়ে দিয়েছেন মেসি ও ‍সুয়ারেজ।

আজ সকালে চেস স্টেডিয়ামে মেসির খেলা ছিল মন্ত্রমুগ্ধ করার মতো। প্রথমার্ধে প্রতিপক্ষে ডিবক্সে ড্রিবলিং করার সময় মাটিতে লুটিয়ে থাকা খেলোয়াড়কে কাটাতে যে ফ্লিকটা মেসি করলেন, তা চোখ ধাঁধিয়ে দেবে সবার। উচ্ছ্বসিত মেসির কোচ জেরার্দো টাটা মার্তিনোও।

মেসির খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ তাকে দেখে অনেক্ শান্ত মনে হয়েছে। সে অনেক ভালো অবস্থায় ছিল এবং গতিও ছিল প্রশংসা করার মতো।’

মার্তিনো যোগ করেন, ‘মেসির মধ্যে এমন বিশেষ কিছু ব্যাপার আছে যা সাধারণত অন্য খেলোয়াড়দের সঙ্গে ঘটে না। গোলবার থেকে অনেক দূরে থেকেও সে যদি বল পায়, আপনার মনে হবে এই বুঝি গোল হতে যাচ্ছে।’

প্রাক-মৌসুমে মেসির ইনজুরি নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল মায়ামি। সে ব্যাপারে তিনি বলেন, ‘এমন মেসিকে দেখে আমি সত্যিই অনেক খুশি।  সে ভালো করছে এবং তাকে দেখে অনুপ্রাণিত মনে হয়েছে। আর সবচাইতে বড় কথা শারীরিকভাবে সে ভালোবোধ করছে। ’