অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। একই সঙ্গে ২ মাসের মধ্যে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন।
আপিল বিভাগ বলেন, যারা ব্যক্তিগতভাবে অস্ত্র ও গানম্যান নিয়ে চলাফেরা করেন তাদের বিষয়ে নীতিমালা করা প্রয়োজন।
এর আগে, হাইকোর্ট ১৩ ডিসেম্বর জি কে শামীমকে ৬ মাসের জামিন দেন। পরে চেম্বার আদালত ১৯ ডিসেম্বর তা স্থগিত করেন।
এর আগে, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক শেখ ছামিদুল ইসলাম অস্ত্র মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।