শিশু ধর্ষণের অভিযোগ, অস্ট্রেলিয়ার সাবেক বিশপ গ্রেপ্তার

শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক বিশপ ক্রিস্টোফার সন্ডার্সকে।

ধর্ষণের অভিযোগে বিচারের মুখে পড়া সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মযাজক হিসেবে দ্বিতীয় ব্যক্তি তিনি। খবর বিবিসি।

অস্ট্রেলিয়ান পুলিশ এবং পোপের নির্দেশে অভিযোগ আলাদাভাবে তদন্তের পর বুধবার ৭৪ বছর বয়সী এই বিশপকে পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুম অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন সন্ডার্স।

সন্ডার্সের বিরুদ্ধে দুটি ধর্ষণ, ১৪টি বেআইনি ও অশালীন আক্রমণ এবং কর্তৃত্বের অবস্থানে থেকে শিশুদের সঙ্গে অশালীন আচরণের তিনটি অভিযোগ আনা হয়েছে। ৭৪ বছর বয়সী বিশপকে জামিন দেননি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ আদালতে শুনানি হবে।

২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত শহর ব্রুম, কুনুনুরা এবং কালুম্বুরুর আদিবাসী সম্প্রদায়ে এসব নিপীড়নের ঘটনা ঘটে।

তবে বৃহস্পতিবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং জুনে তার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয় বলে জানায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। এর আগে প্রয়াত কার্ডিনাল জর্জ পেলকে এ সংক্রান্ত অপরাধের দায়ে কারাগারে পাঠানো হয় এবং পরে খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশপ কনফারেন্স পুলিশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেছে, সন্ডার্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ঘটনার শিকার ব্যক্তিদের জন্য ‘খুব গুরুতর ও গভীরভাবে পীড়াদায়ক’।

পার্থ আর্চবিশপ টিমোথি কস্টেলো বলেন, ‘এ ধরনের অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত এবং যথার্থ এবং অবশ্যই প্রয়োজনীয়।’

১৯৭৬ সালে চার্চে নিয়োজিত হওয়ার পর থেকেই সন্ডার্সের কর্মজীবনের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ার উত্তর–পশ্চিম কোণে প্রত্যন্ত কিম্বারলি অঞ্চলে কেটেছে। ১৯৯৬ সালে তিনি ব্রুমের বিশপ নিযুক্ত হন।