ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ স্টেজ-১ র্যাংকিং টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার এই আসরের দুই ইভেন্টের ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের আরচাররা। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম ও আবদুর রহমান আলিফকে নিয়ে গড়া বাংলাদেশ দল পৌঁছে গেছে ফাইনালে।
অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের রুবেল ও দিয়া সিদ্দিকী। দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অংশ নিয়েছে ছয়টি দল। এর আগে র্যাংকিং রাউন্ডে বাংলাদেশ ১৯৪৫ স্কোর গড়ে দ্বিতীয় হয়েছিল। ২০৩৪ স্কোর নিয়ে ভারত প্রথম হয়। দুই দলই বাই পেয়ে সেমিফাইনাল যায়। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ৫-১ সেটে উজবেকিস্তানকে হারায়। আর ভারত ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ইরাককে হারিয়ে। রবিবার হবে এই ইভেন্টের ফাইনাল।
অন্যদিকে র্যাংকিং রাউন্ডে তৃতীয় হয়ে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের রুবেল-দিয়া জুটি নকআউট রাউন্ড শুরু করেন। বাই পেয়ে তারা সরাসরি যায় কোয়ার্টার ফাইনালে। সেখানে তারা টাইব্রেকারে ৫-৪ সেটে হারান পাকিস্তানের জুটিকে। এরপর সেমিফাইনালে তারা উজবেকিস্তানকে হারান ৫-৩ সেটে। শীর্ষ র্যাংকিংধারী ভারতের বোমাদেভারা ধীরাজ ও সিমরানজিত কৌর কোয়ার্টারে সিরিয়া ও সেমিতে কাতারকে হারিয়ে ফাইনালে আসেন।
রিকার্ভ নারী দলগত ইভেন্টে অবশ্য ফাইনালে যেতে পারেনি দিয়া, ফাহমিদা সুলতানা ও সীমা আক্তারকে নিয়ে গড়া বাংলাদেশ দল। তারা সেমিফাইনালে উজবেকিস্তানের কাছে হারেন। ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে তাদের খেলতে হবে ইরাকের বিপক্ষে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের তপু রায় ও মেঘলা রানী পারেননি ফাইনালে যেতে। তারা সেমিফাইনালে ভারতের কাছে হারেন। ব্রোঞ্জপদক ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরাক।