চীনের দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে আর্জেন্টিনা

হংকংয়ের সঙ্গে ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসির না খেলার জেরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন থেকে সরে আসে চীন। তাতে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে নেয়া ম্যাচ দুটি নিয়ে বিপদে পড়ে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রে ম্যাচ দুটি সরিয়ে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে পাল্টে গেছে আগের ঘোষিত দুই প্রতিপক্ষের একটি। কোপা আমেরিকার আগে মার্চে শেষ আন্তর্জাতিক বিরতিতে এল সালভাদর ও নাইজেরিয়ার সঙ্গে খেলবে মেসিরা। 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার নতুন এই দুই ম্যাচের সূচি নিশ্চিত করেছে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুয়ায়ী, আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর লস অ্যাঞ্জেলসে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।

এ ছাড়া কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রেই আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটির প্রতিপক্ষ ঠিক হয়েছে। গুয়াতেমালার বিপক্ষে ওয়াশিংটনের ফেডেক্স ফিল্ডে ১৪ জুন হবে ম্যাচটি।

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রের ১৪টি মাঠে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার এইবারের আসর।