আবার আবাহনী-মোহামেডান

১৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জে ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। সেই ম্যাচটা সাদা-কালোরা জিতেছিল ২-১ ব্যবধানে। এর ৯ দিন বাদে আজ ফের দুদল মুখোমুখি হচ্ছে ভিন্ন মঞ্চে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষপর্বের খেলার শুরু হবে আজ থেকে। ময়মনসিংহে মোহামেডান আতিথ্য দেবে আবাহনীকে। আর শীর্ষে থাকা বসুন্ধরা কিংস নিজেদের মাঠে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। আর গোপালগঞ্জে স্বাগতিক শেখ জামাল ধানম-ি ক্লাবের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে দেশের ফুটবলামোদীদের আগ্রহের অন্ত নেই। সোনালি সময়ে এই লড়াইয়ে গ্যালারি ভেঙে পড়ত। এখন সেটা না হলেও এই লড়াইয়ের আবেদন কমেনি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুদলের লড়াইয়ের ঝাঁজ  ছড়িয়ে যাচ্ছে মাঠ, গ্যালারি ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায়। গত বছর ফেডারেশন কাপের ফাইনালে রোমাঞ্চকর ম্যাচ শেষে সাদা-কালোরা শিরোপা উৎসব করে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় জেতে। আকাশিদের সামনে পেলেই যেন জ্বলে উঠছেন আলফাজ আহমেদের শিষ্যরা। তার প্রমাণ রাখতেই যেন ১৩ ফেব্রুয়ারি আকাশিদের চার মিনিটের ঝড়ে ল-ভ- করেছে সাদা-কালোরা। ফেডারেশন কাপের গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে সেই জয়ে বাড়তি অনুপ্রেরণা নিয়ে আজ মাঠে নামবে মোহামেডান। তাছাড়া পয়েন্ট টেবিলও সাহস দিচ্ছে তাদের। অষ্টম রাউন্ড শেষে কিংস যথারীতি শীর্ষে, তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। এর পরেই আছে মোহামেডান। তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। আবাহনী দুই পয়েন্ট কম নিয়ে আছে তিনে। অর্থাৎ মোহামেডানের সামনে চিরবৈরীর সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ। টানা তৃতীয় জয় পেলেই হয়ে যায় লক্ষ্যপূরণ। তাতে শিরোপা লড়াইয়েও ভালোভাবে থাকা যাবে। আর আবাহনীর জন্য হারের বৃত্ত ভাঙার পাশাপাশি মোহামেডানকে পেছনে ফেলার সুযোগ।

আবাহনী বিপক্ষে লিগে মোহামেডানের সর্বশেষ জয় সাত ম্যাচ আগে। ২০১৯ সালে সেই ম্যাচটা মোহামেডান জিতেছিল ৪-০ গোলের বিশাল ব্যবধানে।

সেই হারের স্বাদটা মিলিয়ে গেছে এতদিনে। এবার আলফাজের সামনে লিগে আবাহনীকে হারানোর চ্যালেঞ্জ। ফেডারেশন কাপের গ্রুপপর্বের জয়ের কথা মনে করিয়ে দিয়ে এই কোচ বলেন, ‘আবাহনীর বিপক্ষে ম্যাচ মানেই অন্যরকম অনুভূতি। যেহেতু ফেডারেশন কাপে তাদের হারিয়েছিলাম, তাই এ ম্যাচেও জয়ের আশা করছি।’

চলতি লিগে আবাহনীর পথচলাটা মোটেই মসৃণ হচ্ছে না। ৮ ম্যাচে চার জয়ের বিপরীতে দুই হার ও দুই ড্রয়ে তারা খুইয়েছে ১০ পয়েন্ট। সর্বশেষ ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে। স্বাধীনতার কাপের ফাইনালে উঠতে না পারা আবাহনী যে গতিতে এগুচ্ছে তাতে সপ্তম শিরোপার স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেছে লিগের মাঝপথেই। ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেন, ‘পেছনে যা হয়েছে তা নিয়ে পড়ে থাকতে চাই না। মোহামেডানের বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে কিছু ছোট ছোট ভুলের কারণে হেরেছি। ফুটবলারদের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে। এবার আর ভুল করতে চাই না। জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। তিন পয়েন্ট নিয়ে ফিরতে চাই। তাতে পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে ফেলা যাবে।’