তামিমের ফিফটিতে কুমিল্লাকে হারিয়েই প্লে অফে বরিশাল

মিরপুরে প্লে অফ নিশ্চিত করার ম্যাচে ফরচুন বরিশালের লক্ষ্যটা ছিল ১৪১ রানের। অধিনায়ক তামিম ইকবালের ৬৬ রানের পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ ২ বল বাকি থাকতে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছান। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৬ উইকেটের জয়ে, ১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত হলো বরিশালের প্লে অফ। আর কোন সম্ভাবনাই থাকল না ১০ পয়েন্ট পাওয়া খুলনা টাইগার্সের।

সিলেট স্ট্রাইকার্স ও খুলনার ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।

শেষ ওভারে জয়ের জন্য আট রান দরকার ছিল বরিশালের। মুশফিক হাসানের করা ওভারের প্রথম বলেই ছক্কা হাকিয়ে লক্ষ্যটা সহজ করেন মাহমুদউল্লাহ। পরের দুই বলে রান নিতে পারেননি। চতুর্থ বলেই নিয়ে নেন প্রয়োজনীয় ২ রান। দ্বিতীয় রানটি অবশ্য আসে ওভার থ্রো থেকে।

দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তামিম ও কাইল মায়ার্স। ২৫ রান করে মায়ার্স ফিরলে জুটি ভাঙে। মুশফিকুর রহিম করেন ২৪ বলে ১৭ রান।

এক প্রান্ত আগলে থাকা তামিম ৪০ বলে ফিফটি পূরণ করেন। ৪৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় তামিম ৬৬ রান করেন। ইনিংসের আঠারোতম ওভারে তামিম ফিরলেও সৌম্য সরকার (৩ বলে ৬) ও মাহমুদউল্লাহ (১১ বলে ১২) জয় নিয়ে মাঠ ছাড়েন।

তার আগে টস হেরে ব্যাট করতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ানস সংগ্রহ করে ৮ উইকেটে ১৪০ রান। তৌহিদ হৃদয় ২৫, মঈন আলি ২৩ ও জাকির আলি ১৬ বলে অপরাজিত ৩৮ রান করেন। ১৬ রানে ২ উইকেট নেন সাইফউদ্দিন।

তামিম ইকবাল হন ম্যাচসেরা।