গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে এসে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব মিটাতে গিয়ে হাতের ধাক্কায় রওশন আরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুর তাইড় চৌধুরীপাড়া এলাকায় বিয়ে বাড়িতে গিয়ে আহত হন তিনি।
নিহত রওশন আরা বেগম একই উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী।
জানা যায়, যাদুর তাইড় চৌধুরী পাড়ার আব্দুল ওহাব মিয়ার ছেলে রাশেদ মিয়ার বিয়ে অনুষ্ঠান চলছিল। পার্শ্ববর্তী মথরপাড়া থেকে রওশন আরা বেগম নামের এক বৃদ্ধা বিয়ে দেখতে আসেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশেদ মিয়ার লোকজন ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সমাপ্ত ইসলামের সাথে দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বৃদ্ধা রওশন আরা বেগম উভয় পক্ষকে থামাতে গিয়ে হাতের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ওসি মমতাজুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে বৃদ্ধার মৃত্যুরহস্য জানা যাবে। তবে এঘটনায় এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি ও কাউকে আটক করা হয়নি।