পলাশে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পলাশের ঘোড়াশালে যাত্রীবাহী এনা পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যানের চালকই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। আজ শনিবার ভোরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নাইবুল ইসলাম। 

নিহত এনা পরিবহনের চালকের নাম মো: ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। তবে নিহত কাভার্ড ভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ শনিবার ভোর ৪টার দিকে পলাশের ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাড ভ্যানের সঙ্গে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ড ভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ড ভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।