বাবার ৫ নিজের ৫ মিলিয়ে রেডন্ডো 'মায়ামির ৫৫'

আর্জেন্টিনোস জুনিয়র থেকে ইন্টার মায়ামিতে পাড়ি জমাতে যাচ্ছেন ২১ বছরের ফেডেরিকো রেডন্ডো- খবরটি কিছুটা পুরনো। দুই পক্ষের চুক্তি বিষয়ক অনাকাঙ্খিত জটিলতা তৈরি হলেও তা কেটে গেছে। এবার বাকি আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। আরও এক আর্জেন্টাইনকে সতীর্থ হিসেবে পেলেন ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার হেরনসদের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয় রেডন্ডোকে।

আর্জেন্টিনা যুব দলে রেডন্ডো খেলেন ৫ নম্বর জার্সি পরে। রেডন্ডোর বাবা ফার্নান্দো রেডন্ডোও আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন ৫ নম্বর জার্সিতে। ক্যারিয়ারের প্রথম বড় দলবদল শেষে নতুন ক্লাব ইন্টার মায়ামিতে রেডন্ডো জার্সি নাম্বার নিলেন নিজের ৫ ও বাবার ৫ মিলিয়ে ৫৫ নম্বর।

আর্জেন্টিনার অলিম্পিকে খেলা নিশ্চিত করা মিডফিল্ডার রেডন্ডো মায়ামি শিবিরে যোগ হয়েছেন নিজের দেশেরই ফাকুন্ডো ফারিয়াসের ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে। তার পারিশ্রমিক হতে যাচ্ছে ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। চাইলে আরও এক বছর চুক্তি বৃদ্ধি করার সুযোগ রয়েছে রেডন্ডোর কাছে।

মেসির দলের একজন হওয়ার খুশি রেডন্ডো ব্যক্ত করেন এভাবে, ‘আমি এমন একটি ক্লাবে যোগ দিতে পারি খুবই আনন্দিত যারা দ্রুততার সঙ্গে উন্নতি করছে। আমি মায়ামির অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন ও ম্যাচে মাঠ ভাগ করতে পারবো ভেবে ভালো লাগছে। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমি মেসির সঙ্গে খেলতে পারবো।’

ফেডেরিকোর বাবা ফার্নান্দো রেডন্ডো খেলেছেন এসি মিলান ও রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে দুইবার লা লিগা ও দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এসি মিলানের হয়ে জিতেছেন একটি করে লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সবশেষবার মেসিদের কোপা জেতার আগে ১৯৯৩ সালে আলবিসেলেস্তে জার্সিতে কোপা আমেরিকা জেতেন সিনিয়র রেডন্ডো। এমনকি তার দাদা জর্জে সোলারি আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের নামজাদা খেলোয়াড়দের একজন।

ফার্নান্ডো রেডন্ডো ও ফ্রেডেরিকো রেডন্ডো

রেডন্ডো হাভিয়ের মাসচেরানোর অধীন যুব দলটির নিয়মিত খেলোয়াড়। অলিম্পিক নিশ্চিত করার চুড়ান্ত বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে যোগ করা সময়ে মূল্যবান গোল করে ড্র নিশ্চিত করেন রেডন্ডো।  মাসচেরানোর পর টাটা মার্তিনোর মতো অভিজ্ঞ ও স্বদেশি কোচের দীক্ষা পেতে যাচ্ছেন তিনি।

মায়ামিতে আছেন স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস। দৈহিক গড়ন থেকে শুরু করে খেলার ধরন মিলিয়ে রেডন্ডোকে এরই মধ্যে আখ্যা দেওয়া হয়েছে বুসকেটসের ক্লোন হিসেবে।

রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে এবারের মৌসুমের শুভ সুচনা করেছে ইন্টার মায়ামি।