মৌমাছির কামড়ে ৯ জন হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে মৌমাছির কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ সময় পাঁচটি গরু ও অন্তত দশটি কুকুরকে কামড়েছে মৌমাছি।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের হাজী রমজান আলী মসজিদের পাশে আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন মর্জিনা আক্তার, আল আমিন ও রাসেল মিয়া, রোকন আহম্মেদ, ফরহাদ মিয়া ও মো. আমিন হোসেন। তবে তারামন বানু, তন্ময় হোসেন ও রিয়া আক্তার এখনো মাওনা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা আলম মিয়ার বাড়ির একটি গাছে বড় আকারের মৌমাছির একটি বাসা করেছে কিছুদিন আগে। এ মৌচাকে প্রায় সময় বাজপাখি মধু খেতে আসে। ওই গাছের নিচে ও আশপাশে সব সময় বেশ কিছু গরু বাঁধা থাকে। আজ একটি বাজপাখি আচমকা উড়ে এসে মৌমাছির চাকে থাবা দিলে মধুর চাক ছিঁড়ে নিয়ে নিচে পড়ে যায় পাখিটি। এ সময় মৌচাকের কিছু অংশ ছিঁড়ে গরুর সামনে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই মৌমাছি গরুগুলোকে কামড়াতে শুরু করে। এ সময় গরুগুলোকে রক্ষা করতে লোকজন এগিয়ে আসলে মৌমাছি কামড়ে আহত হন তারা। মৌমাছির কামড়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন জানান, মৌমাছির কামড়ে কয়েকজন নারী পুরুষ গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। তিনি বলেন, মৌমাছির কামড়ে আহতের ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।