পোস্তগোলা সেতু বন্ধ থাকায় বাবুবাজার ব্রিজে তীব্র যানজট

সংস্কারের কারণে পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে বাবু বাজার ব্রিজ। এতে তীব্র যানজটের দেখা দিয়েছে বাবু বাজার ব্রিজের দুই পাশে।  

মাদারীপুর, খুলনা, বরিশাল, যশোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো প্রবেশ করায় এ যানজটের সৃষ্টি হয়। এই যানজট ছড়িয়ে পরে বাবু বাজার ব্রিজ থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস পর্যন্ত। কেরানীগঞ্জের অন্যান্য সড়কেও এই যানজট ছড়িয়ে পড়েছে। দীর্ঘ যানজটের কারণে অনেকেই পায়ে হেটে ব্রিজ পাড় হচ্ছেন। যাত্রীবাহী বাসসহ শত শত পণ্যবাহী গাড়ি আটকা পড়ে আছে। এসব পরিবহন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এই রাস্তাটি বিকল্প হিসেবে ব্যবহার করছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিন বাবুবাজার ব্রিজে গিয়ে এসব দৃশ্য দেখা যায়।

ট্রাকচালক রশিদ বলেন, পোস্তগোলা সেতুতে সংস্কার কাজ চলছে, সকাল ৮টায় ঢাকায় যাওয়ার জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়া সড়কে আসি। এখন বাজে বেলা ১২টা, কদমতলীতেই বসে আছি। যানি না কখন পৌঁছাব।

পথচারী মো. ইকবাল জানান, মাওয়া থেকে চুনকুটিয়া আসতে যতসময় লেগেছে, তারচেয়ে বেশি লাগছে চুনকুটিয়া থেকে কদমতলী আসতে। বাধ্য হয়ে পায়ে হেটেই ব্রিজ পার হচ্ছি।

পোস্তগোলা ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজের ওপর দিয়ে হেটেই পার হচ্ছে মানুষজন। ব্রিজের ওপর যেন যানচলাচল করতে না পারে, সেই জন্য বেরিকেড দিয়ে রাখা হয়েছে।

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক জোনের (টিআই) মোহাম্মদ জাকির হোসেন বলেন, পোস্তগোলা সেতুতে সংস্কারের কাজ চলার কারনে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।