পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় ছুরিকাঘাতে প্রাণ দিল রঞ্জিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার পলাশ ইউনিয়নের গ্রামের জয় কুমার দাসের ছেলে।

জানা যায়, দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস। এনিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের সাথে বাগবিতণ্ডা হয়। ওই সময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। ঘটনার পর পরই পালিয়ে যান ঘাতক অজিত দাস। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলে মর্গে পাঠায় পুলিশ। 

নিহতের পিতা জয় কুমার দাস বলেন, এই পুকুরে সবাই গোসল করে সেজন্য এখানে হাঁস নামানো হয় না আমার ছেলে নিষেধ করতে গিয়েছিল আর এজন্য তাকে মেরে ফেলতে হবে! আমি আমার ছেলের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের ঘটনায় ঘাতক অজিত দাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান নিহত রঞ্জিতের পিতা জয় কুমার দাস।

বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক দেশ রূপান্তরকে জানান, ঘাতক অজিত দাসকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।