ঝালকাঠিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন (৩২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার রাত ৯টার দিকে জেলার নলছিটি উপজেলার পৌর শহরের নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।
নিহত ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার জানান, আমার চাচাতো ভাই আলামিন হাওলাদার সহ ৬-৭ জন রামদা দিয়ে আমার ভাইরে এমন কোপান কোপাইছে, হাসপাতাল পর্যন্ত আনতে পারি নাই। এর আগেই ওর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ও শুধু এইটুকু বলছে যে আলামিন আমারে কোপাইছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, কি কারণে ইমরানকে হত্যা করা হয়েছে এখনও জানতে পারেনি পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।