বিশ্বকাপের আগে তামিমের অবসর দলে প্রভাব ফেলেছিল

দেশের মাটিতে গেল জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে হঠাৎ অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। নাটকীয়ভাবে প্রত্যাবর্তন এবং অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর জাতীয় দলে নিয়মিত নন তামিম। সুযোগ হয়নি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে। সেটি নিয়েও নাটক হয়েছে বেশ। তবে তামিম কবে আবার জাতীয় দলে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তামিম প্রসঙ্গেও কথা বলেছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরুসিংহে। তামিম অবসর কেন নিয়েছিল তা এখনও অজানা হাতুরুর কাছে।

তামিমের অবসরের সময় কী ঘটেছিল, এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘কী ঘটেছিল? আমি আপনাকে (প্রশ্ন কর্তা) জিজ্ঞেস করছি। আমি এর আগে কিছুই জানতাম না। সত্যিকার অর্থে আমি এখনও জানি না কেন সে এমন (অবসর) সিদ্ধান্ত নিয়েছিল।’

ওই ঘটনার পর তামিমের সঙ্গে আর কথাও হয়নি বলে জানান হাতুরুসিংহে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর দুজনকে একসঙ্গে বসার ব্যবস্থা করা দেননি বলে জানান হাতুরুসিংহে। 'সে অবসর নিয়ে নিলো এবং বিষয়টি এমন পর্যায়ে চলে গেল, যেখানে আমাদের কিছুই করার ছিল না। এরপর আমার পুরো মনোযোগ ছিল দলের ওপর। আমি সবসময়ই বলে আসছি– দলের চেয়ে কেউ বড় নয়।’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ইকবাল আবারও ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে অধিনায়কত্ব ছেড়ে দেন। এশিয়া কাপ এবং পরে বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলে বাংলাদেশ। তামিমের ঘটনা বিশ্বকাপে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘যদি এরকম (অধিনায়কত্ব বদল) কোনো বড় পরিবর্তন ঘটে, এটি অবশ্যই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। অথচ অন্য দলগুলো তিন বছর ধরে পরিকল্পনা করেছে। বিশ্বকাপের আগে এমন ঘটনা পুরো দলে অবশ্যই কিছু প্রভাব ফেলে। এছাড়া এবাদতের (পেসার এবাদত হোসেন) ইনজুরিও বড় কারণ ছিল। বিশ্বকাপের উইকেটে আমরা তাকে অনেক মিস করেছি।’