অবশেষে নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং রাজনীতিবিদ অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কিরা। এ সময় যারা নাভালনির মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। খবর আল জাজিরা।

এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এখনো শেষকৃত্য বাকি আছে। তবে এখানেও কর্তৃপক্ষ হস্তক্ষেপ করবে কিনা তা স্পষ্ট নয়।‘

নাভালনির মা লিউডমিলাকে জানান যে তাকে নাভালনিকে গোপনে সমাহিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে এমন শর্ত দেওয়া হয়েছিল, যদি তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তবে তাকে ওই কারাগারেই সমাহিত করা হবে, যেখানে তার মৃত্যু হয়েছে।

তবে নাভালনির মা লিউডমিলা স্পষ্টতই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেন। বর্তমানে আর্কটিক অঞ্চলে রয়েছেন নাভালনির মা। ছেলের মরদেহের মুক্তির দাবিতে সেখানে গিয়েছিলেন তিনি।

এর আগে শনিবার ভোরের দিকে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেন, তার স্বামীর মরদেহ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটকে রেখেছেন। তিনি শর্তছাড়া স্বামীর মরদেহ দাবি করেন।

৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনিকে রাশিয়ার সবচেয়ে বড় বিরোধী দলীয় নেতা এবং পুতিনে সবচেয়ে বড় সমালোচক হিসেবে গণ্য করা হত। গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক পেনাল কলোনিতে ১৯ বছরের সাজা ভোগ করাকালীন মৃত্যু হয় তার।

নাভালনির পরিবার সহ বিশ্বের অনেক দেশ তার মৃত্যুতে পুতিনের দিকেই আঙুল তুলেছেন। তারা বলেছেন যে এটি স্পষ্ট যে নাভালনির মৃত্যুতে রাশিয়া দায়ী। অনেকে আবার বিশেষভাবে রুশ প্রেসিডেন্ট পুতিনকে দোষারোপ করেছেন।

তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষের দাবি প্রাকৃতিক কারণেই মৃত্যু হয়েছে নাভালনির।