যা নাটক না, সেগুলোকে নাটক বললে অস্বস্তি হয়: অপূর্ব

নাটকের অভিনেতারা সিনেমায় ভালো করেন না— এমন কথাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’ প্রিমিয়ার শোতে হাজির হয়ে এমন কথা বলেন এই অভিনেতা।

তার ভাষ্যে, ‘এটা একটা ধারণা যে নাটকের অভিনেতারা সিনেমায় ভালো করেন না বা গ্রহণযোগ্যতা পান না। এই ধারণার কারণে আমরা অনেক সময় পিছিয়ে যাই। ইদানিং একটা জোয়ার এসেছে। ভিন্ন ভিন্ন গল্প, চরিত্র নিয়ে এখন অনেকেই সিনেমায় উপস্থাপন হচ্ছেন এবং সেগুলো ভালোও হচ্ছে। আফরান নিশো আছে, মেহজাবীন চৌধুরী আছে, তারাও কিন্তু মডেলিং করতো। এরকম আরও অনেকেই আছেন যারা মডেলিং থেকে নাটক কিংবা সিনেমায় এসেছেন এবং ভালো করেছেন। এই ধারণাটা আসলে ভুল যে, মডেলরা অভিনয় করতে পারে না। চেষ্টায় কি না সম্ভব!’

নাটকে অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘নাটক কিন্তু ছাড়িনি, করছি। তবে একটু কম করছি। চেষ্টা করছি একটু বড় পরিসরে ভালো কিছু উপহার দেওয়ার। অনেক দিন ধরে এক ধরণের কাজ হয়ে এসছে তো, চেষ্টা করছি আরেকটু বেটার কি করা যায়! নতুন কিছু করতে তো আসলে একটু সময় লাগে। চেষ্টা করছি। সেজন্য একটু থেমে, অপেক্ষা করে ভালো গল্প এবং ভালো আয়োজন নিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাচ্ছি। এজন্যই একটু কম দেখা যাচ্ছে।’

অনেক নাটক দেখা যায় যেগুলোর নাম, গল্প কিংবা উপস্থাপন কোনোকিছুই শোভন নয়। সেগুলো আপনাদেরকে অস্বস্তিতে ফেলে কি না, এমন প্রশ্নে নাটকের এই ‘বড় ছেলে’ বলেন, ‘নাটকের মধ্যে পড়ে না এমন কাজগুলোকে যখন নাটক বলা হয় তখন অবশ্যই অস্বস্তিতে পড়ি। নাটকের একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের বেশ বাইরে গিয়ে যখন কোনো কাজ হচ্ছে সেটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। শিল্পী হিসেবে আমি তো অস্বস্তি বোধ করিই, আমার মনে হয় আমার চেয়ে বেশি অস্বস্তি বোধ করেন দর্শকেরা।’ 

প্রসঙ্গ টেনে এসময় দর্শকদের উদ্দেশ্যে অপূর্ব বলেন, ‘এখন তো সোশ্যাল নেটওয়ার্কের কারণে নিজেদের মতামত জানানোর উপায়টা সহজ হয়ে গেছে। দর্শকদেরকে বলবো, আপনারা আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন কাজ অস্বস্তি লাগলে সেটাও জানাবেন এবং ভালো লাগাটাও জানাবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের সাহস।’

Apurba-UNO Sir premier 2

অপূর্বকে ভিন্ন চরিত্রে দেখা যায় না কেন, এমন প্রশ্নে অভিনেতার জবাব, ‘এটাও আসলে ভুল ধারণা। কারণ ইউটিউব আসার পর যারা আমার নাটক দেখেছেন বা দেখছেন তারা হয়তো আমার পুরনো কাজগুলো দেখেননি। আমার পুরনো অনেক নাটক আছে যেগুলোতে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। সেগুলো হয়তো তাদের চোখে পড়েনি। যারা আমার পুরনো দর্শক তারা জানেন, আমি কত ধরণের চরিত্রে অভিনয় করেছি।’ 

বড় পর্দা এবং ওটিটি প্লাটফর্মের সাম্প্রতিক জোয়ার প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘বড় পর্দার পেছনের গল্পটা সম্পর্কে আমার অভিজ্ঞতা কম। আমি যা-ই বলবো সবই হচ্ছে শোনা কথা। একজন প্রযোজক যখন সিনেমাতে লগ্নি করেন সেই টাকাটা সিনেমাহল থেকে উঠিয়ে আনাটা অনেক বড় চ্যালেঞ্জ। আমি বিভিন্ন নিউজের মাধ্যমেই জেনেছি, দেখা যায় কাগজে কলমে সুপারহিট কিন্তু লভ্যাংশের টাকাটা প্রযোজকের পকেট পর্যন্ত যায় না। উনাদের কথা অনুযায়ী যদি বলি, এটা সিস্টেমের একটা এরর। কেউ সিনেমায় লগ্নি করে যদি লাভের মুখ দেখতে না পান তাহলে তিনি কিন্তু আর সিনেমা নির্মাণে আগ্রহী হবেন না। সেই জায়গা থেকে ওটিটি প্লাটফর্মে একটা স্বচ্ছতার জায়গা আছে, সেখানে স্পষ্ট ডাটা রয়েছে যেটা থেকে আমরা জানতে পারি কোন কাজটা কতজন দর্শক দেখেছে। সেখানে এই স্বচ্ছতার জায়গাটা আছে বলেই ওটিটি প্লাটফর্মের কাজগুলো বাজিমাত করছে, এটা আমার ধারণা, সেটাও আবার আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং নিউজ থেকে।’ 

শনিবার সন্ধ্যায় ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে-তে উন্মুক্ত হয়েছে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে জিয়াউল ফারুক অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া প্রমুখ।