বিপিএলসেরা সাকিব, চ্যাম্পিয়ন…

ড্যারেন স্যামির অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। স্যামি যে টি-টোয়েন্টি ক্রিকেট ভালো বোঝেন তা এই পরিসংখ্যান থেকেই বলা যায়।

বর্তমানে পিএসএলে বাবর আজমদের দল পেশোয়ার জালমির টেকনিশিয়ানের দায়িত্ব পালন করছেন। স্যামি নজর রেখেছেন বিপিএলেও। নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে এবারের বিপিএলের সম্ভাব্য চ্যাম্পিয়ন দল ও টুর্নামেন্ট সেরার ভবিষ্যদ্বাণীও করেছেন।

স্যামির মতে এবারের বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকাবেন তাওহীদ হৃদয়। হৃদয়ের ছক্কা এখন ২০টি, তাঁর সমান ২০টি ছক্কা আছে চট্টগ্রাম ওপেনার তানজিদ হাসানের।

শরিফুল ইসলামকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব আল হাসান অথবা শেখ মেহেদী হাসান।

তবে ১৫ উইকেট পাওয়া মেহেদীর চেয়ে সাকিবকে (১৭ উইকেট) এগিয়ে রেখেছেন স্যামি। ২২ উইকেট পাওয়া শরিফুলের দল দুর্দান্ত ঢাকা প্লে-অফেই উঠতে পারেনি। তাই রংপুর রাইডার্সে খেলা সাকিব, মেহেদীর উইকেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।

এবারের বিপিএলে টুর্নামেন্টসেরা হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন সাকিব ও তামিম ইকবাল দুজনই। তামিম ইকবাল ৩৯১ রান করে আছেন সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে। তবে ১৭ উইকেট ও ২৪৯ রান করা সাকিবকেই টুর্নামেন্টেরসেরা খেলোয়াড় হিসেবে এগিয়ে রাখছেন স্যামি। স্যামির মোস্ট ভ্যালুয়েবলও সাকিব।

স্যামি বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে আমি সাকিব আল হাসানকেই বেছে নেব। ব্যাট হাতে রান করেছে, বল হাতে উইকেট নিয়েছে। সেই আমার বিপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। তবে তাওহীদকে (হৃদয়) আলোচনার বাইরে রাখা যাচ্ছে না।’

স্যামির মতে এবারের আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ানস শিরোপা জিতবে। এর আগে পাঁচ আসরের অংশগ্রহণে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা।

তাওহীদ হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে এবারের বিপিএল টুর্নামেন্টের সবচেয়ে প্রমিজিং খেলোয়াড় মনে হয়েছে স্যামির।

আগামীকাল থেকে দশম বিপিএলের প্লে-অফ রাউন্ড শুরু হবে। এলিমিনেটর ম্যাচে কাল দুপুরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিপিএলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।