জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর রাজনৈতিক মারপ্যাঁচ ও তার বিরুদ্ধে মামলা থাকায় দেশে যেমন আসছেন না, তেমনি প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলতে পারছেন না তিনি। এই সময়ে একাধিক ক্রিকেটারকে দিয়ে এই অলরাউন্ডারের জায়গা পূরণের চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই অবদান রাখার পাশাপাশি দলের একাদশের ভারসাম্য তৈরিতে সাকিবের যে ভূমিকা ছিল, সেটি পূরণ করা সম্ভব হয়নি।
সাকিবের মতো একজন দক্ষ অলরাউন্ডারের প্রয়োজন বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে বাংলাদেশ দল। সেই চাহিদার কথা মাথায় রেখেই পাইপলাইনে নতুন ক্রিকেটার খুঁজছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
গতকাল মিরপুরে এই পাকিস্তানি কোচ বলেন, ‘এটা নিয়ে ভাবছি। এমন বাঁহাতি স্পিনার খুঁজছি, যে ব্যাটও করতে পারবে। হুট করে একটা বৃক্ষ তো গড়ে তুলতে পারবেন না। আমাদের এখন রানা আছে, যে দেড়শ স্পিডে বল করতে পারে। এখন একজন বাঁহাতি স্পিনার দরকার, যে ব্যাটও করতে পারে। আশা করি দ্রুত খুঁজে পাব।’
সাকিবের উত্তরসূরি হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম অনেকবারই এসেছে। বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাট-বল দুই বিভাগেই তার সামর্থ্য ছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সময়ের সঙ্গে অফ স্পিনই নিজের প্রধান অস্ত্র বানিয়েছেন তিনি।
এতে তাকে নিয়ে প্রত্যাশা থাকলেও ‘পরবর্তী সাকিব’ হওয়া আর হয়ে ওঠেনি মিরাজের। মুশতাকও মিরাজকে সাকিবের সঙ্গে তুলনা না করে তাঁর নিজের ভূমিকার ওপর জোর দিচ্ছেন, ‘তাকে ভালো বল করতে হবে, ভালো ওভার করতে হবে, তবেই উইকেট আসবে। এরপর আসে বিশ্বাসের বিষয়। স্পিন বিভাগকে বুঝতে হবে কখন অ্যাটাক করবে, কখন করবে না। ব্যাটারের স্ট্রেন্থ বুঝে বল করতে হবে। ভালো বল নয়, ভালো ওভার করতে হবে।’
ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ ক্রিকেটার