বিদ্যুৎ নিয়ে চুন্নুর প্রশ্নের জবাবে হাসলেন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু  সম্পূরক প্রশ্নে বলেন, আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে সারা দিন বিদ্যুৎ নেই। প্রতিদিন লোডশেডিং হচ্ছে। এখনো গরম আসেনি। রেন্টাল কুইক রেন্টালে গত ১০ বছরে প্রায় ১ লাখ কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে। বসিয়ে বসিয়ে এখনো দেওয়া হচ্ছে, তাহলে বিদ্যুতের অভাব কেন, কেন লোডশেডিং?

তার এই প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সারা দিন বিদ্যুৎ থাকে না—এটা স্বপ্নে এখন দেখা যেতে পারে। এ সময় প্রতিমন্ত্রীকে হাসতে দেখা যায়। একইসাথে অন্যান্য কয়েকজন সংসদ সদস্য হেসে ওঠেন। 

প্রতিমন্ত্রী বলেন, ওনার এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকে না—এটা নিয়ে আমার সন্দেহ আছে। কয়েক ঘণ্টা হয়তো থাকতে পারে। উনি (মুজিবুল হক) হয়তো বলতে গিয়ে সারা দিন বলে ফেলেছেন। কয়েক ঘণ্টার বিষয়। সকল সংসদ সদস্য একবাক্যে স্বীকার করবেন, সারা দিন কোনো এলাকায় বিদ্যুৎ থাকে না, এটা ঠিক নয়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সংসদে মুজিবুল হক চুন্নু সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, হতে পারে তাঁর ইউনিয়নে কোনো একটা ট্রান্সফরমারে কোনো একটা সমস্যা হয়েছে অথবা ট্রান্সমিশন লাইন চলে গেছে। সেটা মেরামত করতে সময় লেগেছে। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে কাজ করছে। এমন নিরবচ্ছিন্ন, যাতে এক মিনিটও বিদ্যুৎ না যায়। এটাতে সময় দিতে হবে।