আসর শেষে নামের পাশে ৪০০ রান দেখতে চান লিটন

খারাপ সময় পেছনে ফেলে ভালোমতোই ফিরেছেন লিটন। লিগ পর্বের শেষ সাত ম্যাচে ১৪০.৮৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন তিনি। এ সময়ই খেলেছেন বিপিএলে তার ক্যারিয়ারসেরা ৮৫ রানের ইনিংসটিও। বিপিএল রান সংগ্রাহকের তালিকায় লিটন আছেন ৮ নম্বরে।

তবে কুমিল্লার অধিনায়কের লক্ষ্যটা আরও বড়। বিপিএলের এবারের আসর শেষ হওয়ার আগে ৪০০ রান পূর্ণ করতে চান লিটন। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের আগে নিজের এই লক্ষ্যের কথা জানান কুমিল্লার অধিনায়ক।

নিজের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘প্রত্যেকটা ব্যাটসম্যান প্রতিদিন রান করবে না, এটাই বাস্তবতা। খুবই যে খারাপ খেলেছি, তাও না। প্রায় ৩০০ রানের কাছাকাছি চলে গিয়েছি। এখনো হয়তো দুটি খেলা বাকি আছে। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রম করেছি। বলব না যে শতভাগ ফল পেয়েছি। তবে উন্নতির অনেক জায়গা আছে। আমি কাজ করে যাচ্ছি। আমি যদি নিজের পারফরম্যান্সটা করতে পারি, অবশ্যই চারশর বেশি করার সুযোগ থাকবে।’

প্রথম পাঁচ ম্যাচে ৭৫ স্ট্রাইকরেটে মাত্র ৩৭ রান করার পর সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজেও রানে ফিরেছেন। দলকেও তালে রেখেছেন। বড় ম্যাচের আগে অধিনায়ক লিটন যোগ করেন, ‘প্রত্যাশা নিতে গেলেই চাপ বেশি চলে আসবে। বড় ম্যাচ। যাব, খেলাটা উপভোগ করব। যদি আমার দিন থাকে। দিনটা কাজে লাগানোর চেষ্টা করব।’

নিজের লক্ষ্য পূরণে কমপক্ষে দুটি সুযোগ পাবেন লিটন। রংপুরের বিপক্ষে যদি কুমিল্লা জয় পায়, তবে সরাসরি ফাইনালে উঠে যাবে তারা। কিন্তু হারলে থাকছে আরও একটা সুযোগ। সে ক্ষেত্রে এলিমিনেটরে চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচে বিজয়ী দলের সঙ্গে ফাইনালে ওঠার লড়াই করতে হবে তাদের। যেভাবেই হোক, দুটি ম্যাচ হাতে পাচ্ছেন লিটন।