দিনে ১৪০ ওভার ব্যাটিং অনুশীলন করতেন ধ্রুভ জুরেল

ইংল্যান্ডের বিপক্ষে রাঁচি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে একসময় ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে টেলএন্ডারদের নিয়ে ভারতকে একাই টেনেছেন জুরেল। এই সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা কিংবদন্তি সুনীল গাভাস্কারও তাকে প্রশংসায় ভাসিয়েছেন।

জুরেলের প্রশংসা করে গাভাস্কার বলেছেন, ‘ধ্রুব জুরেল খুব ভালো ব্যাটিং করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্টাম্পের পেছনেও সে অসাধারণ। মাঠে ওর উপস্থিত বুদ্ধি দেখে মনে হচ্ছে, ও আগামী দিনের এমএস ধোনি হতে চলেছে। ধোনি ওর ক্যারিয়ারের শুরুর দিকে খেলতে নেমে যেভাবে সজাগ থাকত, জুরেলও সেটা দেখিয়েছে। ওর মধ্যে সেই প্রতিভা আছে। দারুণ বুদ্ধিমান এক ক্রিকেটার।’

জুরেলের এমন দৃষ্টিনন্দন ইনিংসের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। যা ‍জুরেল হয়তো পেয়েছেন কারগিল যুদ্ধের বীর যোদ্ধা বাবা নেম চাঁদের কাছ থেকে। এই সিরিজের আগেই দিনে ১৪০ ওভার ব্যাটিং অনুশীলন করতেন জুরেল। রাজস্থান রয়েলস হাই পারফরমেন্স টিমের ডিরেক্টর মুম্বাইয়ের হয়ে রঞ্জি কাঁপানো ব্যাটার জুবিন ভারুচা ফাঁস করেছেন জুরেলের এই গোমর।

ইংল্যান্ড সিরিজের আগে তেলেগাও এর হাই পারফরমেন্স একাডেমিতে প্রস্তুতি পর্বে এভাবেই অনুশীলন করতেন জুরেল। ভারুচা বলেন, ‘গত ১৮ মাস ধরে আমরা এ নিয়ে অনুশীলন করছি। মাঠের কোন জায়গা থেকে রান আদায় করা যায় তা নিয়ে। এই সিরিজের আগেই সে (জুরেল) তেলেগাও একাডেমিতে দিনে ১৪০ ওভার ব্যাটিং অনুশীলন করেছে। ভিন্ন ভিন্ন স্পিনিং উইকেটে চার ঘন্টা টানা থ্রোয়ারদের করা বলের বিপরীতে ব্যাট করেছে জুরেল।’

জুরেলের ওই অনুশীলনে স্পিন, ঘাস, বাউন্সি এবং ভেজা কংক্রিটের উইকেট ব্যবহৃত হয়। ক্রিকেট বলের পাশাপাশি রাবার ও টেনিস বল দিয়েও অনুশীলন চলে। এক একজন থ্রোয়ার ভিন্ন ধরনের বল পরপর থ্রো করে যেতেন। এই ম্যাচের আগেও ভারুচার সঙ্গে কথা বলার সময় প্রেষণা নেন জুরেল। সে সময় জুরেলকে তিনি বলেছিলেন, ‘যেভাবে অনুশীলন করেছ সেভাবেই খেল, দেখবে সব ঠিক থাকবে।’ রাঁচি টেস্টে ৯০ রানের বীরোচিত ইনিংস খেলে নিজের সঙ্গে ম্যাচে ভারতের অবস্থানও ঠিক রেখেছেন জুরেল।