রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক ব্যবসায়ী ও তার বন্ধুকে অপহরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– ঢাবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল হাসান সাঈদি, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মুহসীন হল শাখা ছাত্রলীগের প্রচার উপসম্পাদক মুনতাসির হোসাইন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও মুহসীন হল ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ উপসম্পাদক আল শাহরিয়ার মাহমুদ তানসেন এবং মুনতাসিরের আত্মীয় শাহাবুদ্দিন।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে হাতিরঝিলের বাসা থেকে ভুক্তভোগী আব্দুল জলিল ও হেফাজ উদ্দিনকে অপহরণ করেন আভিযুক্তরা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান জানান, ভুক্তভোগী জলিলের কাছে শাহাবুদ্দিন ব্যবসা সূত্রে কিছু টাকা পেতেন। শাহাবুদ্দিন মুনতাসির এর আত্মীয়। শাহাবুদ্দিনসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে অপহরণ করে মুহসীন হলে রাখে। পুলিশ ও প্রক্টোরিয়াল টিমের সহযোগিতায় গতকাল রাতে মুহসীন হলের ৫৪৪ নম্বর কক্ষ থেকে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে বাকি ব্যবস্থা নেবে।
হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন বলেন, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন আব্দুল জলিলের স্ত্রী আনজুমান আকতার। সেই মামলায় চারজনকে রবিবার কারাগারে পাঠানো হয়েছে।