রাজধানীর হাজারীবাগের একটি বাসায় রোকসানা আক্তার রুহি (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রুহি বিভিন্ন ক্লাবে কাজ করতেন বলে জানা গেছে। এঘটনায় তার সাবেক ও বর্তমান প্রেমিকসহ তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রুহিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা আরমান জানান, তিনি (আরমান) নিজে থাকেন হাজারীবাগ কালুনগর পানির পাম্পের পাশে একটি বাড়ির তৃতীয় তলায়। আরমানের বন্ধু রিফাতের সঙ্গে ৬ মাস যাবৎ প্রেমের সম্পর্ক রুহির। ফোনে রিফাতকে না পেয়ে সকালে রুহি আরমানের বাসায় যান। আরমানকে বলেন রিফাতকে ফোনে ডেকে তার বাসায় আনতে। কথামতো আরমান কল করে রিফাতকে তার বাসায় ডেকে নেন। তিনজন মিলে নাশতা করার সময় হঠাৎ রুহির খিঁচুনি শুরু হয়। এ অবস্থায় তাকে নিয়ে যান ঢাকা মেডিকেলে। তাদের বিপদের এই পরিস্থিতিতে সহায়তার জন্য ফোন করে হাসপাতালে আনা হয় রুহির সাবেক প্রেমিক নাসির উদ্দিন শায়নকেও। তবে হাসপাতালে রুহিকে নেওয়ার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুহির প্রেমিক রিফাত জানান, বর্তমানে ধানমন্ডি-১৫ তে থাকতেন রুহি। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। বাবার নাম রবিউল ইসলাম। বনিবনা না হওয়ায় কয়েকদিন ধরে রুহির সাথে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। সকালে আরমান তাকে কল করে তার বাসায় নিলে পরে সেখানে গিয়ে রুহিকে দেখতে পান তিনি। সেখানে গিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও হয়। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহি।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া তিন যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।