আট মাসের অন্তঃসত্ত্বাকে ঝলসে দিল বখাটের অ্যাসিড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিবেশী এক বখাটে যুবক।

গতকাল রবিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামের প্রধানীয়া বাড়িতে এঘটনা ঘটে। অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম মিলি আক্তার (২০)।

মিলিকে উদ্ধার করে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

মিলির পরিবার সূত্রে জানা যায়, মিলির বিয়ে হওয়ার আগে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত প্রতিবেশী মানিক। তিনি ফোনে টাকা রিচার্জের ব্যবসা করেন। তার উৎপাতের মধ্যেই মিলিকে বিয়ে দিয়ে দেয় পরিবার। অন্তঃসত্ত্বা হওয়ায় মিলি তার বাবার বাড়িতে চলে আসে। পবিত্র শবেবরাতের রাতে সবাই নামাজের জন্য মসজিদে চলে গেলে সুযোগ বুঝে মানিক মিলির মায়ের নাম ধরে ডাকে। মা নামাজে থাকায় মিলি দরজা খোলে। এসময় মিলির শরীরে অ্যাসিড নিক্ষেপ করে মানিক। মিলি চিৎকার দিলে আশপাশের মানুষ দৌড়ে আসে এবং মানিককে ধরে ফেলে। উদ্ধার করে মিলিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে মিলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

মিলির ভাবি সুমি আক্তার বলেন, আমরা অন্য ঘরে নামাজ পড়ছিলাম। হঠাৎ চিৎকার শুনে মনে হয়েছিল চোর আসছে। ঘর থেকে বের হয়ে দেখি মানিক উঠানে দাঁড়িয়ে আমাদের দিকে ইট নিক্ষেপ করছে। পরে মানিক দ্রুত চলে যায়। মিলিদের ঘরে গিয়ে দেখি তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তার শরীর ও জামা-কাপড় পুড়ে গেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ বলেন, খবর পেয়ে এলাকায় তাৎক্ষণিক পুলিশ পাঠানো ও মানিককে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।