চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার চুরির পৃথক ঘটনায় কোনো মামলা রুজু করেননি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।
এ ঘটনা আমলে নিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন আইনানুগ আদেশ দেওয়া হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে পত্রিকায় প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফর্মার চুরির হিড়িক’ শীর্ষক সংবাদ আমলে নিয়ে চুরি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের প্রতিবেদন থেকে দেখা যায়, ট্রান্সফর্মার চুরির প্রত্যেকটি ঘটনায় মতলব উত্তর থানার ওসি বরাবরে মামলা দায়েরের আবেদন করা হয়।
কিন্তু তারপরও আদালতের আদেশ দেওয়ার পূর্বে একটি মামলাও রুজু করেননি ওসি। বিদ্যুতের মতো জরুরি সেবার যন্ত্রাংশ চুরির ঘটনা অপরাধ হলেও মামলা রুজু করে চুরি প্রতিরোধে পদক্ষেপ না নেওয়ায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ করেন আদালত।