আওয়ামী লীগকেই চরম খেসারত দিতে হবে: প্রিন্স

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের সকলের ঐক্য থাকলে ৫ বছর নয়, ৫ মাসেই পরিবর্তন সম্ভব হবে।’

আজ সোমবার ময়মনসিংহের গৌরপুরে গত ১২ নভেম্বর পুলিশের ধাওয়ায় পুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন স্বপনের পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বপনের বাড়িতে সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রিন্স বলেন, ‘আন্দোলন দমন করতে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর যে নিষ্ঠুর,নির্মম নির্যাতন, হয়রানি চালিয়েছে, তার ফলশ্রুতিতে স্বপনের মৃত্যু হয়েছে। তাই স্বপনের মৃত্যুর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। আন্দোলনে স্বপনের অবদান চিরদিন বিএনপি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

তিনি বলেন, ‘একদফার আন্দোলন দমন করতে পারে নাই। আন্দোলন চলছে, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত চলবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে প্রিন্স বলেন, ‘তাদের অন্তর্জালা সৃষ্টি হয়েছে। সেজন্য তারা বিএনপির বিরুদ্ধে দিবা-রাত্র মিথ্যাচার করছে। গণতন্ত্র ও ভোটাধিকার হরণের কারণে আওয়ামী লীগকেই চরম খেসারত দিতে হবে। বরং আওয়ামী লীগের পাতা ফাঁদে বিএনপি পা  না দেওয়ায় বিএনপি জনগণের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

এর আগে প্রিন্সের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল মরহুমের গৌরীপুরস্থ রাম গোপালপুরের বাড়িতে যান এবং সমবেদনা জানান। এরপর নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত এবং আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।